ডেমোগর্গনরা নেমে আসছে
তখন সবে নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে যাওয়া শুরু করেছি। সঙ্গে বোন। এমন একটা রিমোট জায়গায় গিয়ে উঠলাম যেখানে সন্ধ্যে আর রাতের পার্থক্য করা কঠিন। জানালা খুললে মাঝেসাঝে গুইসাপ দেখা যায় আবার মাঝেমধ্যে সরিষা ক্ষেত। রাস্তার ওপারে দোকান মোটে একটা। ধুলো ভরা চিপস আর কিছু সস্তা বিস্কুট ঝুলে থাকে ওখানে। সারাদিনের ক্লাস-পরীক্ষা শেষে ঘরটায় ঢোকামাত্র একটা গুমোট, অন্ধকার, চাপা বাতাস টের পাওয়া যায়। আমরা আরো টের পেতাম যখন চারটে বেজে খেয়ে-দেয়ে নেশাখোরের মত ঘুমোতাম।
STRANGER THINGSআর ঘুমোনোর আগে দেখতাম ওই একটাই টেলিভিশন শো। হকিন্স নামের এক ছোট্ট শহর। একই রাতে চার বন্ধু—মাইক, ডাস্টিন, লুকাস আর উইল ‘ডাঞ্জেওনস অ্যান্ড ড্রাগন’ খেলতে খেলতে রাত করে ফেলে। খেলাশেষে উইল একা সাইকেলে বাড়ি ফেরার সময় বনের ভেতর অদ্ভুত কিছুর মুখোমুখি হয় এবং হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এই একটা সময় আমরা দু’বোন বেঁচে থাকতাম ঘরটাতে। বাকি সময় শুধু এই ভেবে কাটয়েছি—আর ক’বছর পর এখান থেকে পালাবো। টেলিভিশন শো টা একেবারে নেশা ধরিয়ে দিলো।
একদিন সন্ধ্য নাকি রাত, রাত নাকি সন্ধ্যা—হুটহাট ঘড়ির কাঁটা দেখার উপায় নেই। দেওয়ালটা ফাঁকা। খালি মাঝেমধ্যে বিভিন্ন জাতের তাগড়া তাগড়া মাকড়সার দেখা পাই। অন্যদিনের মত ঘামে কাঁথা ভিজলো না। হালকা ঠান্ডা লাগছে।
বোন হুড়মুড় করে ঘুম থেকে উঠে বললো, ‘চল, শিগগিরই!’
আমি বললাম, ‘আরে, যাবোটা কই?’
ঘরদোর অন্ধকার। বিদ্যুৎ নেই। ফোনে চার্জ নেই। ক্যাচ করে আওয়াজ তুলে দেশলাই ধরালাম। লাভ হলো না। ড্রয়ার ঘেটে পাওয়া গেলো একটা ড্যাম্প মোমবাতি।
তারপর দুজনে ঘর থেকে বেরিয়ে বাগানের পাশের সিড়ি বেয়ে দৌড়াচ্ছি। কম্পিটিশান বাতাসের সঙ্গে। ঝড়ো হাওয়া শুরু হয়েছে অনেক আগেই। বোন আমার জানালার একটুখানি ফাঁক থেকে দেখেছিলো কোনমতে—আকাশ থেকে ডেমোগর্গনরা নেমে আসছে। আমি বলেছিলাম ধ্যাত্তেরি। ওসব হয় নাকি! এর মাঝে ছাদে মেলে দেওয়া কাপড়গুলো তুলতে তুলতে ধুলোবালিতে হোল ডুব খাচ্ছি।
বৃষ্টির নামতে শুরু করে দিলো ইতিমধ্যে। ইয়া মোটা মোটা ফোঁটা। গাছপালা গুলোকে দেখে বাংলা ব্যাঞ্জন বর্ণের ‘থ’ অক্ষরের কথা মনে পড়ে গেল। শিকর বাকর ঠেলে উপরের দিকে উঠে আসছে। আমরা শুধু মুখ চাওয়া চাওয়ি করলাম। ঝড় উঠলে কত কি হয়। তাই বলে এসব কি? দুড়ুম করে বাজ পড়লো কাছাকাছি। চারদিকে অন্ধকারে থৈ থৈ করছে। তার মাঝে একটা ফিনফিনে চাঁদ। সেই চাঁদের আলোতে দেখলাম দূর থেকে কি যেন একটা আসছে..
Shoroli Shilon's Blog
- Shoroli Shilon's profile
- 9 followers

