গরুর পাল নিয়ে খােয়াড়ে ফিরছিল এক রাখাল। ঠিক তখনই এক জলাশয়ে পানি খেতে দেখল একটা চিতা বাঘকে, গায়ের রং কুচকুচে কালাে। শিবানিপল্লিতে আস্তানা গেড়েছে এই চিতা। রােমহর্ষক এক শিকার অভিযানে জড়িয়ে পড়লেন কেনেথ এন্ডারসন। হঠাৎ করেই চামালা উপত্যকায় এসে হাজির হয়েছে ভয়ংকর এক মানুষখেকো বাঘ, কোথা থেকে কেউ জানে না। দীর্ঘ অনুসরণ শেষে শুকনাে এক ঝিরির পাড়ে ওটার মুখােমুখি হলেন এন্ডারসন। শিকার ফেলে তারই ওপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করল বাঘ... একটার পর একটা মানুষ মেরে চলেছে এক শ্লথ ভালুক। মানুষ দেখলেই সপ্তমে চড়ে যায় মেজাজ। বন্ধু আলম বক্সের ছেলেটাকেও যখন মেরে ফেলল, আর বসে থাকতে পারলেন না এন্ডারসন। প্রতিশােধ কি নিতে পারলেন? টানটান উত্তেজনায় ভরা বইটিতে আরাে পরিচয় হবে ধূর্ত এক চিতা আর বুদ্ধিমান এক বাঘের সঙ্গে। বাড়তি হিসেবে থাকছে ‘বজ্রঝড়ের রাতে’ শিরােনামে এন্ডারসন আর তাঁর ছেলে ডনের জীবনে ঘটে যাওয়া রােমাঞ্চকর রজনীর কথা।
ইশতিয়াক হাসান অনূদিত ও ঐতিহ্য থেকে প্রকাশিত কেনেথ এন্ডারসনের শিকার কাহিনী সিরিজের আমার পড়া চতুর্থ বই 'জঙ্গলে বিভীষিকা'। বইটিতে মোট ছয়টি কাহিনী আছে। এর মাঝে তিনটি আমার আগে পড়া ছিল। বাকিগুলো নতুন। বইটির প্রথম কাহিনী 'অশুভ আগন্তুক' চামলা ভ্যালির ডোরাকাটা মানুষখেকোকে নিয়ে লেখা। যদিও আগে পড়েছিলাম পবিত্রময় দত্তের বইয়ে, তবে এবার কাহিনীটা Rediscover করলাম। কারণ ম্যাপ এঁকে ও ঘটনাপ্রবাহ লিখে পড়েছি। ফলে পুরো কাহিনী বুঝে বুঝে এগোনো গেছে।
প্রথমটির মত দ্বিতীয় কাহিনীও খুব ফেমাস। 'খেপা ভালুক' - কেনেথ এন্ডারসনের ব্যতিক্রম শিকার এক খুনী শ্লথ ভালুককে নিয়ে। কেনেথের বন্ধু আলম বক্সের ছেলেকে খুন করে তার শত্রু বনে যায় ভাল্লুকটা।
বইয়ের ২য় ও ৫ম কাহিনী 'ছায়া শিকার' ও 'ধূর্ত আততায়ী' যথাক্রমে শিবানী পল্লীর কালোচিতা ও গুমমালাপুরের চিতাবাঘকে নিয়ে লেখা। ১মটা দ্বিতীয়বার ও ২য়টা চতুর্থবারের মত পড়লাম। মোটামুটি মুখস্থ হয়ে গেছে ক্লাইম্যাক্সসহ পুরোটা।
'কানা বাঘ' উত্তর কয়েম্বাটোর জেলার বাইলুর গ্রামের আশপাশে আশ্রয় নেয়া এক বিকৃত চেহারার মানুষখেকো বাঘকে নিয়ে লেখা। গৃহপালিত গরু মারতে এসে মানুষের পাতা ফাঁদে চোখ কান বিসর্জন দিতে হয় তাকে। এই বীভৎস চেহারার যমের সাথে কেনেথ এন্ডারসনের অনেকটা আকস্মিকভাবেই মোলাকাত হয়ে যায়। সেই ফেস টু ফেস মোমেন্টগুলো যেনো চোখের সামনে দেখতে পেলাম।
কেনেথ এন্ডারসনের বরফের মত ঠান্ডা নার্ভও টলে গেছে দুটো কেসে - একটা বাইলুরের এই কানা বাঘ ও আরেকটা চামলা ভ্যালির মানুষখেকোকে মারার সময়।
বইয়ের শেষ কাহিনী 'বজ্রঝড়ের রাতে' এন্ডারসনের পুত্র ডোনাল্ডের টাইগার ফটোগ্রাফির কাহিনী। বাঘের ছবি তুলতে গিয়ে ডোনাল্ড কিভাবে গভীর রাতে ঝড়ো বৃষ্টি ও হাতির চক্করে পড়লেন, কিভাবে ভাগ্যক্রমে বেঁচে ফিরে এলেন, তাঁর সাধের ফটোগ্রাফির কী হাল হলো এসব জানা যাবে লেখাটি পড়লে।
খুব ভালো লেগেছে অনুবাদ ও কাহিনীর সাসপেন্স। রেটিং ৪.৫/৫।