চুপ হয়ে গেল সবাই। এমনকি জিমিও লেজ নাড়া থামিয়ে মাথা কাত করে তাকালাে রাজুর দিকে। ‘আরেকটা নতুন সঙ্কেত দরকার আমাদের,’ রাজু বললো, ‘আগেরটা জেনে ফেলেছে বাবলি।’ অবাক হলো অপু। সেকথা রাজু জানলো কিভাবে? পকেট থেকে একটা কাগজ বের করে দেখালো। তাতে ‘বোকা গাধা’ লিখে নিচে সই করে দিয়েছে বাবলি। ‘ওরকম একটা বোন যে আল্লাহ কেন দিলো আমাকে!’ বিড়বিড় করলো অপু। ‘সারাক্ষণ ছোঁক ছোঁক করে। ওর জ্বালায়-- এখনও উকি দিয়ে আছে কিনা কে জানে।’ ঝট করে জানালার দিকে ঘুরে গেল সব ক'টা চোখ।
যখন লধশরা গোপনে মানুষের পিছু নেয়া অনুশীলন করছিল, বব ধরা পড়ে যায় আর তার বাবা তাকে লধশ থেকে বের করে নেয়। এলাকায় হঠাৎ করে দামী কুকুরগুলো হারিয়ে যেতে থাকে। লধশেরা কুকুর চোরকে ধরার অভিযানে বেরিয়ে পড়ে।
বইটি 'দি সিক্রেট সেভেন'-এর পঞ্চম গল্প 'গো এহেড সিক্রেট সেভেন' এর ভাবানুবাদ। বইটি পরে তিন গোয়েন্দায় রূপান্তর করে "হারানো কুকুর" নামে ভলিউম ৬৭-এ যোগ করা হয়।
লধশ-দের কাহিনী প্রথম পড়েছিলাম তিন গোয়েন্দায়। আজ প্রথমবারের মতো ওদের অরিজিনাল সিরিজের একটা গল্প পড়লাম। আমার এই বয়সে এসে আসলে বাচ্চাদের গল্প পড়ার কোনো মানে হয় না। কিন্তু পুরো গল্পটা এক নিশ্বাসেই পড়ে ফেলেছি! সত্যি গল্পের বুননের অসাধারণত্ব মুগ্ধ করার মতো। প্লট কিন্তু আর আট-দশটা 'কিশোর-উপযোগী' গল্পের মতই, কিন্তু লেখনশৈলীর গুণেই শেষ অব্দি আটকে ছিলাম। অনেক দিন পরে বাচ্চাদের মতো বই পড়লাম! ভালো লাগছে অনেক!
লধশ কি আমি এখনও জানিনা। তি.গো. এর কোনো বইয়ে পড়ে থাকলেও মনে নেই। আমি এই বইটার তি.গো ভার্সনই পড়েছি। নাম "হারানো কুকুর" বইটা নেই গুডরিডসে। তাই "রাজু সিরিজ" এর "দামী কুকুর" টারই রিভিউ লিখতে বসলাম। এই বইটা আসলেও জোস। আমি কখনও রাজু সিরিজ পড়িনি, আমার হাতে আসেনি এই সিরিজটা।কিন্তু এই বইটা পড়ে মনে হচ্ছে পড়া উচিত। অনেক দিন পর তিনগোয়েন্দার একটা সুন্দর বই পড়লাম।একদম এক নিশ্বাসে শেষ!