অনধিক পঞ্চাশ পৃষ্ঠার বাংলা ইবুক। অর্থ্যাৎ এক বসায় ঘন্টাখানেকের মধ্যেই পড়ে শেষ করে ফেলা যাবে, খুব বেশি হলে ঘণ্টা দুই। অফিসে যাওয়ার পথে বাস, ট্রেন কিংবা ট্রামে, ডাক্তারখানায় গিয়ে নিজের সিরিয়ালের জন্যে বসে থাকার সময়ে, এয়ারপোর্ট লাউঞ্জে বসে কানেক্টিং ফ্লাইট ধরার আগের যাত্রাবিরতিতে, এরকম মুহুর্তগুলোয় আপনার সুযোগ্য সঙ্গী হতে পারে আমাদের ঊনবই।
**** তারেক নূরুল হাসানের দুটি গল্প 'প্রতিদ্বন্দ্বী’ এবং ‘বিপ্রতীপ' নিয়ে বইদ্বীপ থেকে প্রকাশিত হলো ঊনবই সিরিজের প্রথম ইবুক।
তারেক নূরুল হাসান দীর্ঘদিন, সম্ভবতঃ এক দশক, পরে গল্প লিখেছেন; প্রকাশিত হয়েছে ঊনবই সিরিজে। যদিও এক বসায় পড়ার মতো সাইজ, দু'টি গল্প পাঠে ১২ ঘন্টার বিরতি রেখেছিলাম। গল্প পড়ার শেষে আমরা কী চাই? রবি ঠাকুরের "শেষ হইয়াও হইলো না শেষ"? সে তো বহুকাল ধরে চলে আসা রীতি। তারেকের 'বিপ্রতীপ' এবং 'প্রতিদ্বন্দ্বী'র মুনশিয়ানা এখানেই যে দুটো গল্পই পাঠককে আক্রান্ত করে। শাহেদ কিংবা মারুফ ইবইয়ের পাতা থেকে হয়ে ওঠে আমাদের চেনা কেউ কেউ, যাদের জানা হয়নি কখনো। এই চেনা এবং জানার সবটুকু হয়তো হয় না। তবে, যা জানার তা জানিয়ে দেবে শাহেদের কপালের এলোমেলো চুলে মায়ের হাত কিংবা মার্গো রবির বুক বেয়ে ওঠা মেরুদন্ডহীন প্রাণীর জ্বলজ্বলে চোখ...।