Collection of Translated Mysteries from Austin Freeman, Ernest Bramah, Emmuska Orczy, Jeffrey Archer, G.K. Chesterton, Dorothy L. Sayers, Arthur B. Reeve, Georges Simenon.
অন্য ভাষার রহস্য-রোমাঞ্চ গল্প বাংলায় অনুবাদের ঘরানাটি অত্যন্ত সমৃদ্ধ। মাঝে এই স্রোতে একটা ভাঁটার টান দেখা গেছিল। কিন্তু পাঠকমহলে রহস্যের প্রতি আকর্ষণ সাম্প্রতিককালে বেড়ে গেছে। মৌলিক লেখার পাশাপাশি অনূদিত গল্পের কদরও হচ্ছে। সেই পটভূমিতে রহস্য-সাহিত্যের রসবেত্তা ও গবেষক প্রসেনজিৎ দাশগুপ্ত এই সংকলনটি প্রকাশ করেছেন। কী কী গল্প আছে এই সংকলনে? একটি নাতিদীর্ঘ ভূমিকার পর এতে স্থান পেয়েছে নিম্নলিখিত গল্পগুলো~ ১) আর অস্টিন ফ্রিম্যান-এর 'দ্য অ্যালুমিনিয়াম ড্যাগার'; ২) ব্যারনেস এমুশকা অকজি-র 'দ্য ফ্রেডউইন মিনিয়েচার্স'; ৩) আর্নস্ট ব্রামা-র 'দ্য ট্র্যাজেডি অ্যাট দ্য ব্রুকবেন্ড কটেজ'; ৪) জি কে চেস্টারটন-এর 'দ্য হ্যামার অফ গড'; ৫) আর্থার বি রিভ-এর 'ব্ল্যাক ডায়মন্ড'; ৬) ডরোথি এল সেয়ার্স-এর 'দ্য নেকলেস অব পার্লস'; ৭) জর্জ সিমেনঁ-এর 'দি এভিডেন্স অব দি অলটার-বয়'; ৮) জেফ্রি আর্চার-এর 'ভিউ অফ ওভ্যা-সু-ওয়স'। এই গল্পগুলোর মধ্যে আর্থার রিভের গল্পটি রুদ্ধশ্বাস পাল্প ফিকশন। জেফ্রি আর্চারের গল্পটি ছোটোগল্প হিসেবেই বিচার্য। বাকি গল্পগুলোতে খুনখারাপি বা চুরি থাকলেও আসলে সেগুলো মনের অন্ধকার নিয়ে লেখা গল্প। তাতে গোয়েন্দা বনাম অপরাধী ক্ষুরধার খেলার বদলে অপরাধের কারণ ও পদ্ধতিই মুখ্য হয়ে উঠেছে। অনুবাদ চমৎকার। তবে গল্পগুলোর বৈঠকী চাল অটুট রাখতে গিয়ে মাঝেমধ্যে অনুবাদ একটু আক্ষরিক, অনাবশ্যক রকম দীর্ঘ, এবং কিঞ্চিৎ ক্লিষ্ট লাগল। গল্পগুলো সটীক। প্রতি গল্পেই পাতাজোড়া অলংকরণ আছে। চমৎকার মুদ্রণ ও পরিবেশন। সব মিলিয়ে একটি চমৎকার বই পড়ার সুযোগ হল, এ-কথা মানতেই হচ্ছে। প্রকাশক বুকফার্ম এবং অনুবাদক প্রসেনজিৎ দাশগুপ্ত আমাদের কাছে ধন্যবাদার্হ হলেন। ইতিমধ্যে অলস দুপুর কাটাতে চাইলে এই ঝকঝকে বইটি হাতে তুলে নিতেই পারেন। এক-আধজন নয়, পাক্কা আটজন গোয়েন্দার সঙ্গে সময়টা ভালোই কাটবে।