মুখের বয়ানে কী প্রেম থাকে? প্রেম থাকে কী শব্দের বাঁধুনিতে? নাকি সে ঘুরে বেড়ায় মনের বোঝাপড়ার গাঁথুনিতে, পাজলঘেরা জটিল গলিতে; ছলকে পড়ে যে সুখসুধা- সেটা কী সে কুড়িয়ে নেয় যত্নে? কোন যে অন্দরের আকুলিবিকুলি জানায়ে দেয় বারেবারে তারে আমি চাই, তারে আমি চাই! নাকি প্রেম শুধু পণ্য, হাতবদলের মত মানুষবদল হয় সময়ের ফেরে, হারিয়ে যায় সে স্বার্থপরতার ব্যস্ত ঘাটে!
মানুষ দুঃখ পোষে, তার কী ভালো লাগে না সুখ? একটানা। অথচ সে সেটাই পেতে চেয়ে হাহুতাশ করে এক হাতে দুঃখকে আদর করতে করতে। একটা সময় পুষ্ট দুঃখ তাকে এনে দেয় বিষাদ। খুব ছোটো কিছুর দুঃখ, ছোটো ছোটো অপ্রাপ্তিগুলো তাকে ভোগায় চিরকাল। অথচ সে চাইলেই দুঃখটাকে তাড়িয়ে আকাশে তুষ্টিসুখের ঘুড়ি উড়াতে পারে। পারে না কেন? কারণ ওই তো, সরাইখানায় দুঃখমোচনের সুর এলে হয় সেটাকে সে চেনে না, নাহয় চিৎকার করে বন্ধ করতে বলে।