আমার পড়া প্রথম গোয়েন্দা গল্পের বই। দুর্দান্ত সব গল্প নিয়ে সংকলনটি সাজানো৷
ক্লাস ফোর কিংবা ফাইভে পড়ি। তীব্র বই সংকটে ভুগছি। সেই সময়ের দুর্দিনের সেরা সঙ্গী ছিল বইখানা। তখন এই বইয়ের গল্পগুলো কতবার পড়েছি তা আমি ছাড়া কেউ জানে না। পড়তে পড়তে কিছু গল্প তো মুখস্ত হয়ে গিয়েছিল। বই ছিল না। তাই একই গল্প বারবার পড়তাম। এই বইয়ের মাধ্যমেই আমার সাথে পরিচয় হয় দেশি-বিদেশি স্বনামধন্য দুঁদে গোয়েন্দাদের সাথে। দারোগা প্রিয়নাথ মুখুজ্জে, পাঁচকড়ি দে, বিমল-কুমার, সৈয়দ মুস্তফা সিরাজের কর্নেলের সাথে পয়লা মোলাকাত এই বইতেই।দুঁপে, হোমস, পোয়ারোর মতো গোয়েন্দাদের সাক্ষাৎ এই বইয়ের মাধ্যমেই ঘটেছিল। এরপরে অনেক বিখ্যাত গোয়েন্দা কাহিনি পড়েছি। কিন্তু কৈশোরের সোনালি সময়ে পড়া এই বইয়ের মতো আকর্ষণ কখনো অনুভব করিনি।
চমৎকার একটি সঙ্কলন। ই-কপি পড়লাম, কিন্তু একটা জিনিস চোখে লাগল, লেখকদের নাম পরিচয় নেই। জানি না কোনো কারণে আমার ই-কপিতে বাদ পড়ে গেছে কিনা।
আপশোস, যে বয়সে পড়লে এই বই শুধু মুগ্ধতা নিয়ে আসত সে বয়স সামান্য পিছনে ফেলে এসেছি। আজকাল মুগ্ধতার সাথে সাথেই কিছুটা যুক্তির কথাও এসে পড়ে।
এডিট:
এইমাত্র লক্ষ্য করলাম, ২০১৫ সালে প্রকাশিত (ইবুক মোতাবেক) এই বইটির প্রথম পঁচিশটি গল্পই পত্রভারতীর ১৯৯৭ সালে প্রকাশিত সেরা পঁচিশ গোয়েন্দা গল্প থেকে প্রায় হুবহু টুকে নেওয়া। এবং কোনোরকম স্বীকৃতিও নজরে পড়ল না। এরকম অনভিপ্রেত কাজের জন্য তিনটি তারা ফেরত নিয়ে নিলুম। সাহিত্যের আঙিনায় যাঁরা থাকেন এহেন দুপুরে ডাকাতি তাদের ঠিক মানায় না বলেই আমার ব্যক্তিগত অভিমত।