RAHASHYA JAKHAN GOBHIR (GOENDA PRALAY 3) A collection of Bengalii thrillers by DEBAL DEBBARMA
প্রচ্ছদ ও অলংকরণ – রঞ্জন দত্ত
সুমনদের সল্ট লেকের বাড়িতে রাত্তিরে হঠাৎ চোর এসেছিল। এক লহমার জন্য সুমনের মা দেখেছিলেন তাকে। একটা ঢ্যাঙা কালো মূর্তি, গায়ে রবারের মতো সেঁটে থাকা কালো জামা, মাথায় কালো টুপি। চোখ দুটি জ্বলজ্বল করছে। ছোটদাদুর ঘরে ঢুকে সে বাক্স-প্যাঁটরা ঘেঁটে কি যেন খুঁজছিল। কিন্তু কিছু নিয়ে যায়নি। সুমন তার বন্ধু প্রলয়কে ব্যাপারটা জানাতেই সে চলে এলো সল্ট লেকে। আলাপ হল সুমনের মা আর ছোট দাদুর সঙ্গে। এমন ঝকঝকে কথা বলেন ছোট দাদু যা শুনলে অনেকেই হকচকিয়ে যায়, প্রলয়কে শুধোলেন -'তুমি গোয়েন্দা নাকি ? তাহলে তো ভালোই হল। এর রহস্য তোমাকেই ভেদ করতে হবে ছোট গোয়েন্দা নাউ ট্রাই ইয়োর লাক।'
এরপর মাঝেমধ্যে চোর হানা দিয়েছিল সুমনদের বাড়িতে। কিন্তু একটা পুরানো ঘড়ি ছাড়া আর কিছুই নিয়ে যায়নি।
তারপর একদিন ছোটদাদুই নিখোঁজ হয়ে গেলেন। তার ছবি আঁকার স্টুডিওর লোকেরা বলল, একটু রাত্তির হতেই উওনি স্টুডিও বন্ধ করে চলে গিয়েছেন। এরপর কেউ তার খোঁজ জানে না।
শেষ পর্যন্ত ছোট গোয়েন্দা প্রলয়কুমার কি পেরেছিল এই রহস্য ভেদ করতে? কেনই বা চোর বারবার হানা দিয়েছে সুমনদের সল্ট লেকের বাড়িতে ? দুরন্ত কৌতূহলকর এই কাহিনির প্রতিটি ছত্রে উৎকণ্ঠা আর শিহরণ ! এরপর ছোটদাদু আবার ফিরে এলেন কলকাতায় ?
সেই নাটকীয় পরিসমাপ্তির জন্য অপেক্ষা করে থাকতে হবে প্রতিটি কিশোর পাঠককে।
পড়ার পাশাপাশি এবারে লেখালিখিতেও হাত দিলাম। গত প্রায় দশদিন ধরে একটা বড়গল্প লিখে চলেছি। নতুন ভেঞ্চারে সাফল্য আসবে কিনা জানা নেই তবে চেষ্টা করতে দোষ কী? অবশ্য এই লেখালিখির কারণে বেশ কিছুদিন এখন বই পড়া আর সেরকম হয়ে উঠছে না। রবিবারের দিনে একটা ব্রেক নেওয়ার ইচ্ছা করল, তাই ডিটেকটিভ জ্যঁরে (যা আমার পছন্দ) একটা হালকা-পাতলা বই তুলে নিলাম শেল্ফ থেকে।
খুদে গোয়েন্দা প্রলয় সেন। পাণ্ডব গোয়েন্দায় অ্যাডভেঞ্চার বেশি, গোগোলে পালানোর কারসাজি বেশি। ক্লু ধরে গতানুগতিক স্টাইলে গোয়েন্দাগিরি করতে "মিসমিদের কবচ"-এর পরে সোজা এই বইতেই পড়লাম। এই কাহিনিতে সবটাই আর পাঁচটা গোয়েন্দা গল্পের মতনই থোড়বড়িখাড়া সিস্টেম। তবুও এইসব হল চিটমিল, যা খেলে পুষ্টিলাভ না হলেও রসনা মেটে। সমস্ত কাহিনি একটা চুরি ও একটা অপহরণ নিয়ে। বাকি সারবত্তার মধ্যে বাসরুটের হালকা ডেস্ক্রিপশন এবং ৩ = ৪ কীভাবে হয় তার একটা ম্যাথেমেটিক্যাল পাজল্ উল্লেখযোগ্য। বাকিটুকু গোয়েন্দা গল্পের টেক্সটবই ফলো করে লেখা। নতুন কিছু নাই। তবে এসব ভালো লাগায় ভবিষ্যতে এই সিরিজের আরও কিছু বই কিনব। হালকা মেজাজের বই সারাবছর ধরেই লাগে বৈকি!
পুনশ্চ : আমি পুরোনো সংস্করণ পড়েছি। সেখানে একটিমাত্রই উপন্যাস আছে। নতুন সংস্করণে আলাদা কিছু আছে কিনা জানা নেই। প্রচ্ছদটুকু বদলেছে সেটা বুঝতে পারছি। এখনকার প্রচ্ছটি সুন্দর, তবে আগের প্রচ্ছদটিও দারুণ ছিল।