ডিয়াওয়ালা আবার কী! ডিয়াওয়ালা একটি ভৌতিক শব্দ। অভিধানে শব্দটি নেই। এখানেও ভৌতিক ঘটনা ঘটেছে এমন নয়। আসলে ডিয়াওয়ালা একটি আঞ্চলিক শব্দ। লেখকের বদান্যতায় ঢুকে গেছে গল্পে। ডিয়াওয়ালা নানা রূপ ধরে হাজির হয়। কখনো দৈত্যের রূপে, কখনো বিশাল আকারের মাছের রূপে। আবার কখনো সে হয়ে যায় নিরাকার। অর্থাৎ মানুষকে ভয় পাইয়ে দিতে সে একেকবার একেক রূপ ধরে।
এই নিয়েই গল্প ডিয়াওয়ালা। পড়ে ভয়ে শরীর হিম হয়ে যেবে।
সেই সাথে আছে - মেলায় যাব, বাবা, বাগডাসা শিকার, হাম্বামুরগি, হাঁটাবুড়ো, কাব্য ও গাছদাদা, কাব্যর মর্জি, মতিমামা, নিতুর জন্মিদন ও মুরগির গল্প, পাঁচ হাজার তেরো সাল, পাথরটা সাদা হয়ে গেছে, টুন টুনা টুন টুন গল্পগুচ্ছ। প্রত্যেকটা গল্পই শিশু-কিশোরদের জন্য এ সময়ের গল্প।
হুমায়ূন কবীর ঢালী একজন বাংলাদেশি শিশুসাহিত্যিক। তিনি বহির্বিশ্বেও বেশ পরিচিত।
হুমায়ূন কবীর ঢালী নারায়ণগঞ্জের গোদনাইলে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস চাঁদপুর জেলার সিকিরচর গ্রামে। তিনি কলেজ জীবন থেকে লেখালেখি শুরু করেছেন। তখন তিনি বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি করতেন। তিনি প্রথমে লেখালেখি শুরু করেন প্রেমের উপন্যাস নিয়ে, পরবর্তীতে শিশুসাহিত্যের দিকে ঝুঁকে পড়েন। ছোটোদের জন্য লিখে তিনি দেশে এবং বিদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর রচিত শিশুসাহিত্য অনেক দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। গ্রিসের স্কুলপর্যায়ের পাঠ্যসূচিতে তাঁর "A Cowboy And A Magic Mango Tree" শিশুতোষ লেখাটি অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে এবং ওড়িয়া ভাষায় তাঁর বই প্রকাশিত হয়েছে।