মন জানে পাপ: ডাক্তার সোমদেব গুহ (তথা বুড়ো গোয়েন্দা) কলকাতা শহরের খ্যাতিমান চিকিৎসক তথা অজ্ঞানবিদ হলেঝ সত্যান্বেষি হিসেবেই তাঁর পরিচিতি বেশি। নিজেই বলেন, তিনি গল্পের ব্যোমকেশ, কিরীটি বা ফেলুদা নন, বাস্তবের গোয়েন্দা তথা সত্যান্বেষি। কৃতী লেখক নবকুমার বসু-র কলমে তাঁর অন্বেষণের কাহিনি সাহিত্যে রূপায়িত হয়।বর্তমান কাহিনিটি কলকাতার প্রান্তসীমায় অবস্থিত ‘সুদক্ষিণা’ নার্সিংহোমকে কেন্দ্র করে। রুদ্ধশ্বাস রহস্য উন্মোচনের সঙ্গেই, এই উপন্যাসে সাহিত্যপাঠের স্বাদ ছাড়াও পাঠককে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেন দায়িত্বশীল, সচেতন লেখক।
নিশীথে সংহার: সত্যান্বেষি ডাক্তার সোমদেব গুহ ও তার সহকারী সাংবাদিক মানিক ব্যানার্জি অভিন্ন হৃদয় বন্ধু হলেও, তাদের আটপৌরে পরিচিতি: ‘বুড়ো গোয়েন্দা ও মানিক অ্যাসিসট্যান্ট’। সাংবাদিক হিসেবেই মানিকের পরিচয়ের বৃত্ত বড়। সিনেমা ইন্ডাস্ট্রির ক্যামেরাম্যান সুজন রাউত- ও সেই বৃত্তের অন্তর্গত। কিন্তু সুজনের ব্যক্তিজীবনের বেহিসাব ও শৃঙ্খলহীনতা মানিকের সঙ্গে ঘনিষ্ঠতায় ব্যবধান রচনা করেছিল। তা সত্ত্বেও সুজনের অভিশপ্ত দুর্ঘটনায় মৃত্যুসংবাদে মানিক ছুটে না গিয়ে পারেনি। কিন্তু অকুস্থলে পৌঁছে সত্যান্বেষির সহকারী হিসেবেই মানিকের মনে প্রশ্ন জাগে, সুজনের মৃত্যু কি সত্যি দুর্ঘটনাই? গোয়েন্দা গল্পের লেখক নয়, একজন সচেতন সাহিত্যিক হিসাবে বিশিষ্ট কথাকার নবকুমার বসু আবারও এমন একটি উপন্যাস বাঙালি পাঠকদের উপহার দেন- যা রহস্য-রোমাঞ্চের সঙ্গেই একটি উৎকৃষ্ট সাহিত্য হিসেবেও চিহ্নিত হয়ে যায়।
নবকুমার বসু-র জন্ম ১০ ডিসেম্বর ১৯৪৯। উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চলে চূড়ান্ত অভাব ও দারিদ্র্যের মধ্যে শৈশব, বাল্যকাল কেটেছে। স্কুলে ফ্রি অথবা হাফ-ফ্রি হিসেবে পড়াশুনা। পূর্ব এবং পশ্চিমবঙ্গীয় মিশ্র সাংস্কৃতিক ধারায় বড় হয়ে ওঠা। পণ্ডিত এবং শিক্ষাব্রতী দাদামশাই যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সাহচর্যে এবং সান্নিধ্যে প্রাথমিক অধ্যয়ন। লেখাপড়া। উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন। এমএস পাশ করার পরে শল্যচিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা। ’৯৩ সাল থেকে ইংল্যান্ড প্রবাসী, সরকারি চিকিৎসা বিভাগে কর্মরত।স্কুলজীবন থেকে সাহিত্যচর্চা, হাতে লেখা পত্রিকা প্রকাশনা। স্কুল-কলেজ ম্যাগাজিনের পরে দেশ-পত্রিকায় প্রথম গল্প ১৯৭৭ সালে। লিটল ম্যাগাজিন আন্দোলনে যুক্ত, অজস্র ছোটগল্প লেখা চলেছে একই সঙ্গে লিটিলম্যাগ্ এবং প্রতিষ্ঠিত পত্র-পত্রিকায়। ছোটদের গল্প, রহস্য কাহিনী, ধারাবাহিক উপন্যাস লিখেছেন। এছাড়াও রয়েছে গল্পগ্রন্থ ও ভ্রমণ উপন্যাস। বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠক। প্রবাসেও বাংলাভাষার প্রসার ও চর্চার ব্যাপারে উৎসাহী। ‘চিরসখা’ প্রথম দীর্ঘতম উপন্যাস।