‘প্রতিহিংসা’ উপন্যাসে আছে সিরিয়াল হত্যারহস্য। হঠাৎই কলকাতায় একইভাবে নিহত বারবনিতাদের দেহ একের পর এক পাওয়া গেলে পুলিশ হয়ে ওঠে বিভ্রান্ত। নিহতদের কারও সঙ্গে কারও কোনও মিল নেই, কেবল পেশাগত মিল ছাড়া। পুলিশের অনুরোধে তদন্ত শুরু করেন শৌখিন গোয়েন্দা নীলকণ্ঠ সেন। হত্যাকারীদের মনস্তত্ত্ব ঘাঁটতে গিয়ে হত্যার কারণ সম্বন্ধে নতুন এক সম্ভাবনার সূত্র ধরে জটিল এই সিরিয়াল হত্যারহস্যের সমাধান কেমন করে করলেন এই গোয়েন্দা, তারই দুরন্ত কাহিনি ‘প্রতিহিংসা’।গোয়েন্দা নীলকণ্ঠ সেনেরই আর-একটি রহস্যসন্ধানের কাহিনি ‘দ্বিচারী’। দশতলা বাড়ির বারান্দা থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তরুণী ডাক্তার শ্রাবন্তী গুপ্তর। পোস্ট মর্টেম রিপোর্টে জানা যায় অবিবাহিতা শ্রাবন্তী ছিলেন অন্তঃসত্ত্বা। শ্রাবন্তীর বাড়ির লোকের অনুরোধে কেসটা হাতে নিয়ে গোয়েন্দা নীলকণ্ঠ সেন নিশ্চিত হন যে এটি আত্মহত্যা নয়, এটি অবশ্যই হত্যা। ঘটনার অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল শ্রাবন্তীর পুরুষবন্ধুরা আসলে ছিল তার প্রেমাকাঙক্ষী ও অনুরক্ত, যাদের মধ্যে যে-কেউই তার হত্যাকারী হতে পারে। জটিল এই হত্যারহস্যের সমাধান করেন বুদ্ধিমান গোয়েন্দা। খুনি ধরা পড়ে। অসীমপদ চক্রবর্তীর গতিময় রহস্যকাহিনি দুটি পাঠককে অন্যমনস্ক হতে দেয় না।
অসীমপদ চক্রবর্তীর জন্ম ১৬ ডিসেম্বর, ১৯৪৬ কলকাতায়। ইতিহাসের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু। প্রায় দু’দশক কেটেছে কলকাতার বিভিন্ন কলেজে অধ্যাপনায়। গবেষণা গ্রন্থের লেখক ও প্রবন্ধকার। ওয়াশিংটনে ভয়েস অফ আমেরিকায় আন্তর্জাতিক বেতার সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। মাঝেমধ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা। প্রায় তিন দশক ওয়াশিংটনের বাসিন্দা থাকার পর বর্তমানে কলকাতায় স্থায়ীভাবে বসবাস। মধ্য-পঞ্চাশে এসে নতুন নেশা—লেখা। বেশ কয়েকটি রহস্য উপন্যাস কলকাতার বিভিন্ন পত্রিকায়ও শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়েছে। বর্তমানে বাংলা দৈনিক ‘সকালবেলা’র উপদেষ্টা সম্পাদক হিসেবে কর্মরত।
এই নাতিস্থুল বইটি দুটি মাঝারি দৈর্ঘ্যের এবং ততোধিক মাঝারি মানের রহস্য রচনার সংকলন| গল্পদুটিতেই রহস্য বা তার অনুসন্ধানের তুলনায় অনেক বেশি গুরুত্ব পেয়েছে তথাকথিত রহস্যভেদী নীলকন্ঠ সেন এবং তার পার্শ্বচরিত্র তথা কাহিনির কথকের ব্যাক্তি/পারিবারিক জীবনের বিবরণ| একমাত্র যে কারণে এই লেখাদুটি পড়া যায়, সেটি হলো সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের এবং তাঁদের পেশাদারিত্বের বিবরণ পড়ার জন্যে, কারণ এখনো বাংলা সাহিত্য পুলিশের কার্যকলাপকে ঠিক গুরুত্ব দিতে চায় না| তবে এই মুহুর্তে বাংলায় রহস্য-রচনার যা আকাল, তাতে "যদি এর পরের বইটা আরও একটু ভালো আর জটিল হয়...." এই আশায় এই লেখকেরই অন্য বই-এর সন্ধান করা ছাড়া উপায় নেই|