নেতাজি সুভাষচন্দ্র বসু-র জন্মদিন ২৩ জানুয়ারি শুরু হয় রিয়্যালিটি শো ‘সিকন্দর’। ফিল্মস্টার কনিষ্ক কিংবা আবৃত্তিশিল্পী ঐন্দ্রিলার মতো সেলেব্রিটিদের পাশাপাশি জনজীবন থেকে উঠে আসা প্রতিবাদী শিক্ষিকা এলিজাবেথ, সাহসী যুবক শুভ্রাংশুও জায়গা পায় ‘জতুগৃহ’ নামের বাড়িতে। এখান থেকে পয়লা বৈশাখ দর্শকদের ভোটে নির্বাচিত হয়ে বেরিয়ে আসবেন বাংলার প্রথম ‘সিকন্দর’। সেই লড়াইয়ে যেমন অবাঙালি শিল্পপতি ললিত, সন্ন্যাসী সংযুক্তানন্দ কিংবা রাজনীতিবিদ মাখন আছেন, তেমনই সমাজকর্মী রাঙাজবা, অবাঙালি হয়েও বাঙালি বনলতা আর তথাকথিত ‘খারাপ মেয়ে’ লাভলিও আছেন। প্রতিযোগিতা ছাপিয়ে কোনও সম্পর্ক কি গড়ে ওঠে এদের মধ্যে? আদ্যন্ত কৌতুহলকর টানটান উপন্যাস। উপন্যাসের প্রতিটি চরিত্রের ভিতর দিয়ে দেখা যায় হেরে যাওয়া মানুষের বুকের পাঁজর আর জিতে ফেরা মানুষের গলার হার অনেকটা একইরকম। দেখা যায় সেই পৃথিবীকে, জেতা-হারার মাঝখানে যা ঘুরছে তো ঘুরছেই।
বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কলকাতায়। বাবা খ্যাতনামা সংস্কৃত পণ্ডিত, স্বর্গীয় পরেশনাথ বন্দ্যোপাধ্যায়; মা গৌরী বন্দ্যোপাধ্যায়। পিতৃকুল নিঃসম্বল উদ্বাস্তু, মাতৃকুল মলুটির রাজপরিবার। প্রথম কবিতা প্রকাশ পায় সাউথ পয়েন্ট স্কুল ম্যাগাজিনে। প্রথম গল্প ‘উনিশ-কুড়ি’ পত্রিকায়। প্রথম উপন্যাস, শারদীয় ‘দেশ’ পত্রিকায়, ২০০৭ সালে। লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ। কবিতার জন্য পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার, বাংলা আকাদেমি শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার, ভাষানগর পুরস্কার ইত্যাদি। গদ্যের জন্য পেয়েছেন শর্মিলা ঘোষ স্মৃতি পুরস্কার। লিখতে ভালবাসেন এমন লেখা যা আমরা পড়তে চাইলেও লেখার সাহস পাই না। আইওয়া আন্তর্জাতিক লেখক শিবিরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ২০১৪ সালে। ঠাকুর শ্রীশ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের শিষ্য। শখ: নতুন বই, পুরনো গান।