প্রায় চার মাস ধরে রেকি করা পুরনো কবরে কঙ্কাল চুরি করতে গিয়ে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় সেলিম। কবর খুড়ে সে দেখতে পায় কঙ্কালের বদলে সেখানে পড়ে আছে নতুন এক লাশ, যাকে চেনে না পুরো গ্রামের কেউ! রহস্যের জাল আরও বিস্তৃত হয় যখন দেখা যায় সেই লাশটি মাঝ বরাবর দু-ভাগ করা! চেরাখালী থানার ওসি আকবর হায়দার কি পারবেন কাটা লাশের গোলকধাঁধার সমাধান করতে?
টানটান উত্তেজনার থ্রিলার গল্পের সংকলন “দুর্বিনীত সংহার।” যেখানে প্রতিশোধস্পৃহা পেয়েছে নতুন এক মাত্রা। নামগল্প ছাড়াও এখানে রয়েছে “ত্রিকোণাকার চতুর্ভুজ,” “হাসনাহেনার কান্না,” ও “জীবনের পাণ্ডুলিপি” নামক আরও তিনটি গল্প।
বিনিয়ামীন পিয়াসের জন্ম ও শৈশব কেটেছে ঢাকায়। তবে কৈশোরের পুরোটা সময় কাটিয়েছেন বরগুনাতে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে৷ বই পড়া, লেখালেখি, ভ্রমণ কিংবা আড্ডা দেয়া এসবই তার ভীষণ পছন্দের। সায়েন্স ফিকশন, থ্রিলার ও পরাবাস্তব জনরায় লিখতে পছন্দ করেন, তবে অন্যান্য ঘরানার গল্পও লিখে থাকেন তিনি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন রহস্যপত্রিকায় তার বেশ কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে। এছাড়াও দেশের একাধিক প্রথম সারির দৈনিক পত্রিকাসহ লিখেছেন বেশ কিছু সাময়িকী ও যৌথ সংকলনে। ই-বুক প্ল্যাটফর্ম বইঘরে লেখকের একাধিক ই-বুক প্রকাশিত হয়েছে। "পৃথিবীর সব সুর থেমে গেলে পর" তার প্রথম প্রিন্টেড বই।