মোহাম্মদ রফিক বাংলাদেশের একজন কবি, লেখক ও শিক্ষক। তিনি একজন মননশীল আধুনিক কবি হিসাবে পরিগণিত, যাঁর আত্মপ্রকাশ ১৯৬০-এর দশকে। পাকিস্তান আমলে ষাটের দশকে ছাত্র আন্দোলন ও কবিতায় এবং স্বাধীন বাংলাদেশে আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাব্যিক রসদ যুগিয়ে তিনি বিখ্যাত হয়ে আছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে ২০০৯-এ অবসর নিয়েছেন। ২০১০ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। মৃত্যু : ৬ আগস্ট, ২০২৩।
কবিতা নিজ থেকে না ডাকলে জোর করে পড়তে পারিনা। তাই এমনও হয়েছে একটা অতি বিখ্যাত কালজয়ী কাব্যগ্রন্থ যা না পড়লেই নয়, জোর করে শেষ করবো এমন প্রতিজ্ঞা নিয়ে শুরু করবার পর আর শেষ করা হয়ে উঠেনা ; অথচ এরই ফাঁকে অন্য কোন এক সাদামাটা কাব্যগ্রন্থ পড়ে ফেলি পুরোটা দিব্যি আনন্দে। ' অশ্রুময়ীর শব ' গত কয়েকদিনে পড়ে ফেললাম একটু একটু করে বিকেলে হাওয়া খেতে খেতে, সকালে চায়ের চুমুকের সাথে বা দুপুরের ঝিমধরা স্তব্ধতা সামাল দিতে দিতে। কবিতাগুলোয় একটা সহজ আনন্দময় ছন্দের দোলা আছে। আছে আনন্দময় বেদনা বা হতাশার কথা। প্রথিতযশা কাব্যরসিক হওয়া আমার দ্বারা হবেনা, তবে এরকম কিছু আরো কবিতার বই পড়ে ফেলতে পারলে খুব ভালো হতো।
একটি পঙক্তি -
" বলে যাও, ভাষা কোন বাধা নয়, চিন-পরিচয়ে সূত্রধার তার চেয়ে অধিক বাঙ্ময় "।