বাজার, ক্লায়েন্ট, টার্গেট ইত্যাদির চক্রব্যূহে পিষ্ট প্রোগ্রামার চংবো ও তার দল মিলে একটা অ্যাপ বানাল। বিপণন-কৌশলের অভিনবত্বের ফলে অ্যাপটা ভাইরাল হল। আর তারপরেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা।
অ্যাপের মাধ্যমে ফটো তোলা ব্যক্তি ও বস্তুদের জীবনে এল চমকপ্রদ পরিবর্তন— বারবার, প্রত্যেকের সঙ্গে।
এই অভাবনীয় পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে চংবো বুঝতে পারল, ঠিক কীভাবে ওই অ্যাপ বদলে দিচ্ছে আমাদের চারপাশের বাস্তবকে। মরিয়া হয়ে সে সব ভুলে, সব মুছে নতুন করে শুরু করতে চাইল জীবনকে, হয়তো দুনিয়াকেই।
তারপর? তাকে কি সেই সুযোগ দেবে ক্রূর বাস্তব— যার অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল চংবো আর তার অ্যাপ? নাকি তার আগেই...
গল্পটা কি বিশ্বাসের? নাকি ম্যাজিক রিয়্যালিজমের? নাকি টানটান গল্পের মোড়কে এ এক প্রকাণ্ড স্যাটায়ার?
উত্তর খুঁজবেন আপনি, হে পাঠক। আমি শুধু দু'টি কথা বলতে পারি।
প্রথমত, কাহিনিতে বিস্তর তাত্ত্বিক কচকচানি থাকলেও অনুবাদক হিসেবে রনিন যথাসাধ্য মুনশিয়ানার সঙ্গে গল্পের গতির সঙ্গে তাল মিলিয়েই তাকে পরিবেশনের চেষ্টা করেছেন।
দ্বিতীয়ত, মূল 'ইতালীয়' চিত্রকাহিনির সাদা-কালো ছবিকে উজ্জ্বল অসামান্য নৈপুণ্যে বর্ণাঢ্য করে তুলেছেন। গল্পটা এর ফলে অনেক-অনেক বেশি উপভোগ্য হয়েছে।
এমন একটি প্রাপ্তমনস্ক চিত্রকাহিনিকে বাংলায়, এত সুন্দর মুদ্রণ ও অনুবাদের সঙ্গে পরিবেশনের জন্য কল্পবিশ্ব-ও আমাদের কাছে ধন্যবাদার্হ হলেন।
সামগ্রিকভাবে বলব, আধুনিক হয়েও গভীরভাবে দার্শনিক, প্রযুক্তিভিত্তিক হয়েও প্রবল রোমান্টিক এই চিত্রকাহিনি ধীরেসুস্থে উপভোগ করার মতো। এমন করেই বিশ্বসাহিত্যের আরও সম্পদ আমাদের কাছে আসুক— ব্যস, এটুকুই চাওয়া।