আপনার কাছে ওজন মাপার যন্ত্র নেই। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার কেনা ৫ কেজি চালের বস্তায় আসলেই ৫ কেজি চাল আছে কি না?
কক্সবাজারে ঘুরতে গিয়েছেন? আপনি চাইলেই পৃথিবীর ব্যাসার্ধ মেপে ফেলতে পারবেন! দরকার একটি স্টপওয়াচ এবং একজন বন্ধু। সাথে ক্যালকুলেটর আর অল্পখানি ভূগোল আর গণিতের জ্ঞান। গণিত আর ভূগোল দেখে ভয় পাবার কিছু নেই। লেখকই আপনাকে হাতেখড়ি দিয়ে দিবে।
ক্লাস কিংবা পরীক্ষার জন্য রুটিন বানাতে গিয়ে গলদঘর্ম? গ্রাফ আ্যলগরিদম পারে আপনাকে 'মাইর' খাওয়া থেকে বাঁচাতে। কিন্তু কিভাবে? উত্তর বইতে।
রেস্টুরেন্টে খেতে গিয়েছেন। সন্দেহ হচ্ছে শরবতের গ্লাসে কারসাজি করে শরবত কম দিয়েছে! এখন সন্দেহ দূর করবেন কিভাবে? এবারও সাহায্য করবে গণিত।
বাসায় তেলেপোকার অত্যাচারে বাঁচছেন না। জানতে চান আপনার বাসায় মোট কতগুলো তেলেপোকা আছে? জানার উপায় 'ধরো-মার্কা মারো-ছাড়ো' পদ্ধতি।
লেখকের জীবনের এরকম আটটি ঘটনা দিয়ে সাজানো হয়েছে এই বইটি। চমৎকার সময় কেটেছে বইটির সাথে। এর পরে কখনো কক্সবাজার গেলে ইচ্ছা রইল পৃথিবীর ব্যাসার্ধ মাপার। নিজ হাতে কাজ করার মজাই আলাদা!
লেখকের বিজ্ঞানমনস্কতার ফসল এই বইটি। যেই আলো তিনি জ্বালিয়ে গেছেন সেই আলো আলোকিত করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে।
ক্লাস ৭-৮ থেকে শুরু করে যেকোনো বয়সী পাঠক এই বইয়ের রস পুরোপুরি আস্বাদন করতে পারবেন।