"নগ্ন নির্জন" - বুদ্ধদেব গুহ
"একেবারে একা থাকলে মাঝে মাঝে যেমন সকলেরই কাঁদতে ইচ্ছে করে - পুরনো কথা ভেবে কাঁদতে ইচ্ছে করে, নতুন কথা ভেবে কাঁদতে ইচ্ছে করে - পরিণতিহীন ভবিষ্যৎ ভেবে কাঁদতে ইচ্ছে করে -"
"জীবনকে পরিমিতভাবে প্রতিদিন উপভোগ করার নামই ভালোলাগা।"
"অন্ধকারে, চোখের জলে কেউ কি কাউকে ভালোবাসতে পারে না?"
"কোনো ভালোবাসারই ভবিষ্যৎ নেই। ভালোবাসা কেবল বর্তমানের - যা কেবল অতীতেই পৌঁছে যায় একদিন। কারো ভালোবাসারই কোনো ভবিষ্যৎ থাকে না। ভালোবাসার গর্ভে কোনো ভবিষ্যৎ এর জন্ম হয় না - ভালোবাসা একমাত্র ভালোবাসাই সৃষ্টি করতে পারে। এক একটি দুর্লভ মুহূর্ত - এক একটি সুগন্ধ ক্ষয়িষ্ণু ক্ষণ - যা আর কেঁদে কেঁদেও পরে ফিরে পাওয়া যায় না।"
"ভালোবাসা যে কি তা আজ অবধি রাকেশ জানল না। সে কি শরীর? কোনো শরীরকে একান্ত করে চাইবার বিমুগ্ধ বাসনার এক নামই কি ভালোবাসা? ভালোবাসা কি শুধুই শরীর নির্ভর? শুধু অন্য শরীরে প্রবেশাধিকার পেলেই কি একজনের জাজ্বল্যমান শরীর ও হিমেল হৃদয়ের সব দুঃখ মেটে? ... শরীরটাই সব নয়। যাকে ও চায় তার শরীরটাও চায়... শরীরটা নিশ্চয়ই কিছু - কিন্তু কখোনোই সবকিছু নয়। শুধু শরীর দিয়ে এই নগ্ন নির্জনতা কখোনোই ভরানো যায় না।"
"সত্যি তেমন করে কাউকে ভালোবাসে ফেললে শত চেষ্টা করেও তাকে আর ভোলা যায় না। যাকে ভালোবাসা যায় সে দূরে যেতে পারে, মরে যেতে পারে, কিন্তু ভালোবাসা কেউ ভোলে না। তা সবসময় বুকের মধ্যে ঘুঘুর গানের মতো ঘুমিয়ে থাকে। কখনো কোনোদিন এমন একলা উদাস নিরুপদ্রব সকালে তাকে ডাকলেই সে পাশে আসে - যে নেই সে কাছে আসে। যে একবার কাউকে নিরুপায় ভালোবেসেছে কিংবা কারো সত্যি নিখাদ ভালোবাসা পেয়েছে, সে বরাবরের মতো, জীবনের মতো সসঙ্গীই হয়ে থাকে - তাকে একাকীত্বের অসহ্য বেদনা কোনো সময় আর তেমন বিঁধতে পারে না।"
"......মরতে ইচ্ছে হয়। এটা কোনো বাহাদুরির কিছু নয়–কিন্তু যখনই ভাবি যে বেঁচে থাকলে মানুষের মতো, সত্যিকারের মানুষের মতো বাঁচা উচিত, মানুষের মতো কিছু করা উচিত, নইলে বেঁচে যে থাকতেই হবে–রোজগার করতেই হবে, পেট ভরাতেই হবে, দুপুরে অফিস যেতেই হবে, রাতে খাবার পর মশারি ফেলে ঘুমিয়ে পড়তেই হবে–এইসব নিয়মগুলো যে মানতেই হবে-দিনের পর দিন, প্রতিদিন, বছরের পর বছর, যুগের পর যুগ-এটা ভাবলেই আমার দম বন্ধ হয়ে যায়। বাঁচার মতো যথেষ্ট অনুপ্রেরণা না থাকলে, আমার মনে হয় মিছিমিছি এই ওভার-পপুলেটেড পৃথিবীতে ভিড় না বাড়ানোই ভালো।"