"সমগ্র হিসেবে ঋজুদা ২ কিন্তু সেরা।গুগুনোগুম্বারের দেশে বা রুআহা দুটোই দারুণ কিন্তু কেমন যেন আসল ঋজুদা নয়।ঋজুদা মানে কিন্তু পালামৌ,ওড়িশার জঙ্গল-ওগুলোই আসল।" বইটা পড়ার পরামর্শ দিয়ে বলেছিলেন সোমদাদা। কেন বলেছিলেন তা পড়ার পর উপলব্ধি করলাম।
"ঋজুদা সমগ্র ২" ছোটদের জন্য লেখা, আবার ছোটদের জন্য নয়ও। ঋজুদা সমগ্র ১ এর নিটোল কাহিনি বা টানটান উত্তেজনা এ সংকলনে বলতে গেলে নেই।আছে অরণ্য, প্রকৃতিপ্রেম, শিকার, অরণ্যচারী, সাধারণ মানুষের জীবনপ্রবাহ, বন্যপ্রাণী ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা।গল্পগুলোর নিজস্ব আত্মা আছে।
প্রথম উপন্যাস "ঋজুদার সঙ্গে জঙ্গলে" পড়লেই বোঝা যাবে লেখক ও তার চরিত্ররা প্রকৃতির কাছে নিজেদের সমর্পণ করেছেন।
অন্য শিকার,বাঘের মাংস,ঋজুদার সঙ্গে লবঙ্গি- বনে,বনবিবির বনে,টাঁড়বাঘোয়া উপন্যাসগুলোতে নিরীহ শিকার কাহিনির আড়ালে পাকিয়ে উঠছে অন্য কিছু- কোনো গভীর বেদনা,কোনো নির্মম বাস্তব,কোনো সরল জীবনদর্শন।
এ সংকলন পড়ে আনন্দের চাইতে আমার বিস্ময়ের পরিমাণ বেশি। অনেক বছর আগে মহাশ্বেতা দেবীর "শ্রেষ্ঠ গল্প"এর সাথে ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছিলাম। সে ছিলো রূঢ়, কঠোর, ক্ষমাহীন এক ভারতবর্ষ ভ্রমণ। সেই ভারতবর্ষের একঝলক দেখা পাবো ছোটদের জন্য লেখা রোমাঞ্চ উপন্যাস সংকলনে,এটা ভাবতেই পারিনি।
(১৪ নভেম্বর, ২০২১)